ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে মূল্যবান সামগ্রী থানায় রাখা যাবে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে যারা ঢাকা ছাড়বেন তারা চাইলে বাসার মূল্যবানসামগ্রী থানা হেফাজতে রাখতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ার। গতকাল রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও অভিযান চালানো হচ্ছে।
মো: সরওয়ার বলেন, যাদের বাসায় দেখভালের মতো কেউ নেই, তারা প্রয়োজনে স্বর্ণালঙ্কারসহ মূল্যবানসামগ্রী থানায় নিরাপদে রাখতে পারবেন। প্রয়োজন হলে পুলিশের সহায়তা নিতে কোনো দ্বিধা না করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ঈদে বাড়ি ছাড়ার আগে বাসাবাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।