আবর্জনার মধ্যে দাঁড়িয়ে নন্দকুজা নদী রক্ষার দাবি

Printed Edition

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নদীতে ফেলা ময়লা আবর্জনার ওপর দাঁড়িয়ে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় শহরের নন্দকুজা নদীকে দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নাগরিক ফোরাম, জীবনসঙ্গী ফাউন্ডেশন ও প্রতিভা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় নতুন গোহাটাসংলগ্ন নন্দকুজা নদীতে এ মানববন্ধন করেন পরিবেশ কর্মী ও এলাকাবাসী।

নন্দকুজার করুণ কাহিনী তুলে ধরেন উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী আক্কাছ, উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, জীবনসঙ্গী ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম, প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাশিদুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ইমাম হাসাইন পিন্টু প্রমুখ।

গুরুদাসপুর উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম বলেন, স্রোতস্বিনী নদী প্রবহমান নন্দকুজার ঢেউ ছিল, ইলিশসহ প্রচুর মাছ ছিল, কুমির ছিল, ছিল জীববৈচিত্র্য। এখন দখল-দূষণে সেই নদীকে সঙ্কুচিত করা হয়েছে। নদীর প্রতি অবহেলাকারীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্কাছ বলেন, ‘গুরুদাসপুর পৌরসভায় ময়লা ফেলার ডাম্পিং স্টেশন না থাকায় সব আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধে নদীতে নামা যায় না। গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।