প্যারাগুয়ে বিপক্ষে লড়াই অস্ট্রেলিয়ার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
দুই ম্যাচ শেষে প্যারাগুয়ের সংগ্রহ ৩ পয়েন্ট। প্রথম ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে ফিরে আসে। অন্যদিকে অস্ট্রেলিয়ারও সংগ্রহ ৩ পয়েন্ট। তারা প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে ভালো সূচনা করে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে যায়। ফলে দুই দলেরই পয়েন্ট সমান এবং গোল ব্যবধানও কাছাকাছি অবস্থানে রয়েছে। বিশ্বকাপের আউটে যাওয়ার সুযোগ এখনো আছে দুই দলের সামনে। বাংলাদেশ সময় কাল সকাল ৮টায় ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সান ফ্রান্সিসকোতে হতে যাওয়া এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এটি নির্ধারণ করে দিতে পারে গ্রুপের দ্বিতীয় স্থান কার দখলে যাবে। এই পরিস্থিতিতে ম্যাচটি কার্যত একটি নকআউট লড়াইয়ে পরিণত হয়েছে। জয়ী দল সরাসরি জায়গা করে নেবে শেষ ৩২-এ। আর পরাজিত দলকে অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ড্র হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।
প্যারাগুয়ের শক্তি মূলত তাদের সংগঠিত রক্ষণ এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে। দক্ষিণ আমেরিকার দলটি সাধারণত বল দখলের চেয়ে প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় থাকে। তুরস্কের বিপক্ষে তাদের জয়ের ম্যাচে সেই কৌশলই সফল হয়েছিল। মাঝমাঠে কঠোর পরিশ্রম এবং রক্ষণভাগের শৃঙ্খলা তাদের অন্যতম বড় অস্ত্র। তবে দলটির উদ্বেগের কারণ আক্রমণে ধারাবাহিকতার অভাব।
অপরদিকে বরাবরই লড়াকু মানসিকতার জন্য পরিচিত অস্ট্রেলিয়া। সকারুজরা শারীরিকভাবে শক্তিশালী এবং ম্যাচজুড়ে উচ্চ তীব্রতা ধরে রাখতে সক্ষম। তুরস্কের বিপক্ষে জয়ের ম্যাচে তারা দ্রুতগতির আক্রমণ এবং কার্যকর প্রেসিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে বিপাকে ফেলেছিল। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে চোখে পড়ে চাপের মুখে রক্ষণে কিছু দুর্বলতা। বিশেষ করে দ্রুত পাসিং ফুটবলের বিপক্ষে তারা মাঝে মধ্যে ছন্দ হারিয়ে ফেলে।
এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে মাঝমাঠের লড়াই। প্যারাগুয়ে চেষ্টা করবে খেলার গতি কমিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ম্যাচ পরিচালনা করতে। অন্যদিকে উচ্চ গতির ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। যে দল মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে পারবে, তারাই ম্যাচে এগিয়ে থাকবে।
ফুটবলে এখন পর্যন্ত পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া। এর মধ্যে দু’টি ম্যাচে জয় সকারুজদের। বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। প্যারাগুয়ে আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১০ সালের অক্টোবরে। সেই প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।