আকবর-প্রিতমের সেঞ্চুরি

Printed Edition
khela-2
সেঞ্চুরি করা প্রীতম কুমার ও আকবর আলী : বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) গতকাল দিনটা নিজেদের করে নিয়েছেন নর্থ জোনের অধিনায়ক আকবর আলী ও প্রিতম কুমার। দু’জনে গড়েছেন ২৩৩ রানের জুটি, পেয়েছেন সেঞ্চুরি। প্রথম ইনিংসে সাউথ জোনের ৩১৪ রান টপকে দ্বিতীয় দিন শেষে ৬৫ রানের লিড নিয়েছে নর্থ জোন।

১৫৮ বলে ১৫ চার ও দুই ছক্কায় ১২১ রান করে আউট হন নর্থের অধিনায়ক আকবর আলি। ব্যাকওয়ার্ড পয়েন্টে আশরাফুল হাসানের ক্যাচ বানিয়ে ২৩৩ রানের এই জুটি ভাঙেন সামিউন বসির রাতুল। ১৮৪ বলে দুই ছক্কা ও ১৬ চারে ১৫১ রানে অপরাজিত রয়েছেন প্রিতম। শেষ বিকেলে ৩৯ বলে ২২ রান করে প্রিতমকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন স্পিনার সানজামুল ইসলাম। ছয় উইকেটে ৩৭৯ রান নিয়ে রান পাহাড়ে চড়ার স্বপ্ন দেখছে নর্থ জোন। ৬৫ রানে লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে তারা।

সেন্ট্রাল জোন-ইস্ট জোন

দ্বিতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের ৩০৭ থেকে ইস্ট জোন পিছিয়ে আছে ৫৭ রানে। মুশফিকুর রহিম ৫৯ রানে এবং অমিত হাসান রয়েছেন ৮৮ রানে অপরাজিত আছেন। তিন উইকেট হারিয়ে দলীয় রান ২৪৩। দ্বিতীয় দিন শেষে মধ্যাঞ্চলের চেয়ে ৬৪ রানে পিছিয়ে রয়েছে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ৩০৭ রানে অলআউট হয় মধ্যাঞ্চল।

গতকাল ছয় উইকেটে ২৭২ রান নিয়ে খেলা শুরু করে মধ্যাঞ্চল। আগের দিন ৯০ রান করা পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি কোনো রান যোগ না করেই আউট হন। সেঞ্চুরি করতে পারেননি আশিকুর রহমান শিবলিও। ৯টি চার ও একটি ছক্কায় ১৮২ বলে ৮৬ রান করে আউট হন।