হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবে ৩ মাসের খাদ্য সহায়তা

Printed Edition

লালমনিরহাট প্রতিনিধি

হাওর এলাকায় বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের খাদ্যসহায়তা দেয়ার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আওতায় আনা হবে।

রোববার লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘বিদ্যানন্দ আত্ম-কর্মসংস্থান প্রকল্প ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, হাওর অঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে চলে যাওয়ায় কৃষকদের বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অন্তত সাময়িক স্বস্তি পায়।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করতে তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকাভুক্তদের বিশেষ কার্ডের মাধ্যমে প্রতি মাসে সহায়তা পৌঁছে দেয়া হবে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ হাওর অধ্যুষিত জেলাগুলো এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে।

ত্রাণমন্ত্রী জানান, আগামী ৬ মে সুনামগঞ্জে এই খাদ্যসহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১০১টি অসহায় পরিবারের মাঝে আয়বর্ধক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এতে দোকানের মালামাল, ভ্যানগাড়ি, গরু ও সেলাই মেশিন দেয়া হয়।