লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা

Printed Edition

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন না হলে সুষ্ঠু নির্বাচন নিয়ে গুরুতর শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় নির্বাচন কমিটির মুখপাত্র বেলায়েত হোসেন বেলাল। তার ভাষায়, অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন ‘আকাশে যাবে’ এবং ভোটের বাক্স নদীর দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেএসডির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর-৪ আসনে জেএসডি প্রার্থী তানিয়া রবের নির্বাচনী এলাকা পর্যবেক্ষণের অভিজ্ঞতার আলোকে তিনি এই শঙ্কার কথা তুলে ধরেন।

বেলাল আরো বলেন, রামগতির দক্ষিণাঞ্চলে অস্ত্রধারীদের দাপটে ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। সেখানে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনাবাহিনীর ক্যাম্প ও অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি। অস্ত্র উদ্ধারের উদ্যোগ না নিলে ভোট লুট, জালভোট ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে।

তিনি অভিযোগ করেন, একটি দলের প্রার্থী ও তার অনুসারীরা ডাকাত ও অস্ত্রধারীদের সাথে যোগাযোগ রেখে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। তিনি প্রশাসনের প্রতি দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলা জেএসডির সভাপতি মনছুরুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।