জুলাই সনদের আলোকে আবেগ ও আইনের সমন্বয়ে চলতে চাই : আইনমন্ত্রী
Printed Edition
কুষ্টিয়া প্রতিনিধি
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা বিষয়টি অর্ধেক বুঝেছেন; আমরা জাতীয় সংসদে তাদের এই বক্তব্যের যথাযথ জবাব দেব। বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং এই সনদের আলোকেই আবেগ ও আইনের সমন্বয়ে আমরা পথ চলতে চাই। সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সব পক্ষের সাথে কথা বলে এবং সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ তিনি আরো জানান, বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননসহ অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে সবুজে পরিবেষ্টিত করা হবে।
মন্ত্রী বলেন, ‘দেশের স্বনির্ভরতা অর্জনে সব পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ এগিয়ে চলছে। খুব দ্রুতই ৩১ দফা বাস্তবায়নের সুফল দেশবাসীর নিকট পরিস্ফুট হয়ে উঠবে।’ তিনি আরো জানান, সারা দেশে খাল খননের পর খালের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাবউদ্দিন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা।