টাকা দিয়ে পুলিশে নিয়োগ নয় পীরগঞ্জে এসপি
Printed Edition
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন।
সভায় পুলিশ সুপার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশে নিয়োগ হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। কোনো ধরনের তদবির বা টাকা দিয়ে চাকরি পাওয়ার সুযোগ নেই। কেউ প্রতারণার ফাঁদে পা দেবেন না।’ তিনি আরো বলেন, ‘যদি কেউ তদবির করে, তবে সে নিজেই অযোগ্য বলে বিবেচিত হবে। প্রয়োজনে আমি দায়িত্ব ছেড়ে দেবো, তবুও কোনো অন্যায় করব না। আমরা গত জাতীয় নির্বাচনে যে স্বচ্ছতা দেখিয়েছি, নিয়োগের ক্ষেত্রেও সেই দৃষ্টান্ত বজায় রাখব।’
সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা। সভায় স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমান চৌধুরীসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সাধারণ মানুষকে দালালচক্র থেকে দূরে থাকার আহ্বান জানান।