পিএসএলে প্রথম জয় কোয়েটার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম জয় পেয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। হায়দরাবাদ কিংস ম্যানকে গতকাল ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে সৌদ শাকিলের দল। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৭৪ রান করে কোয়েটা। জবাবে ২০ ওভারে আট উইকেটে ১৩৪ রানেই থেমে যায় হায়দরাবাদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অধিনায়ক সৌদ শাকিল চার ও রাইলি রুশো ০ দ্রুতই হারায় কোয়েটা। এরপর হাল ধরেন শামিল হোসেন ও হাসান নাওয়াজ। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার গড়েন ৮৯ রানের জুটি । শামিল ৪১ বলে ৫৪ রান ও হাসান নাওয়াজ ৪০ বলে ৫৩ রানে আউট হন। শেষ দিকে টম কারানের ১৮ বলে ৩১ রানের সুবাদে বড় পুঁজি পায় কোয়েটা। তিনটি উইকেট নেন রাইলি মেরেডিথ।

বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ কিংসম্যান। প্রথমে ফেরেন আট রান করা ওপেনার সায়েম আইয়ুব। রানের খাতা খুলতেই পারেননি মাজ সাদাকাত। উসমান খানের ব্যাট থেকে আসে ১৪ রান। লড়াই করার আভাস দিলেও ২৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক মার্নাস লাবুশেন। হায়দরাবাদের হয়ে ইরফান খান নিয়াজি সর্বোচ্চ ৩৩ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। আবরার আহমেদের ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় দলটির ব্যাটিং লাইনআপ। ২৩ রানে তিনটি উইকেট নেন আবরার। ম্যাচসেরা হন শামিল।