সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে : নাহিদ ইসলাম

Printed Edition
3rd-1
এনসিপি ঢাকা মহানগরী উত্তরের ইফতার মাহফিলে নাহিদ ইসলামসহ অতিথিরা দোয়ায় অংশ নেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আবারো পুরনো রাজনৈতিক ধারায় ফিরে যাচ্ছে এবং সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।

গতকাল সোমবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার পুরনো পথে হাঁটতে শুরু করেছে। তারা সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। কিন্তু দেশের মানুষ পরিবর্তন চায়। সংস্কার ও ন্যায়ের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির লড়াই চলবে।’

তিনি আরো বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি পুরনো পথে হাঁটে, তবে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন। এ ছাড়াও এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম অদীব । তিনি বলেন, ‘পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব আমিরুল ইসলাম সাগর। ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।