নিকলীতে ঈদুল ফিতরের ৮৫ বস্তা ত্রাণের চাল জব্দ

Printed Edition

আলি জামশেদ বাজিতপুর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৮৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বিক্রির উদ্দেশ্যে এসব চাল সরিয়ে ফেলার প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারপাশা ইউনিয়ন পরিষদ থেকে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তা না করে একটি চক্র চালগুলো আত্মসাতের চেষ্টা চালায়। গত ২৫ মার্চ দুপুরের দিকে চালগুলো সরানোর খবর জানাজানি হলে উপজেলা প্রশাসন গিয়ে ইউনিয়ন পরিষদের একাধিক কক্ষ তালাবদ্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানা যায়, এই চাল কেলেঙ্কারির নেপথ্যে রয়েছেন কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন। অভিযোগ রয়েছে, তিনি তথ্য গোপন করে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পাশাপাশি নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে এর আগে ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাবও এনেছিলেন।

ভুক্তভোগী হেলেনা, স্বপ্না ও আয়েশাসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা ঈদের চাল পাননি। এমনকি সৌদি সরকারের পাঠানো দুম্বার গোশত ও খেজুর থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন বিস্তারিত পরে জানাবেন বলে এড়িয়ে যান। ইউনিয়ন সচিব সাফিউদ্দিন জানান, চালের কক্ষগুলো পিআইও ও ট্যাগ অফিসার তালাবদ্ধ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেলোয়ার হোসেন বলেন, চাল সরানোর অভিযোগ পেয়ে সেগুলো জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহেনা মজুমদার মুক্তি চাল বিতরণে অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত চাল ২৯ মার্চ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দুস্থদের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।