সৌদি হজমন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশীদের হজ ও উমরাহ সেবায় নতুন গতি

Printed Edition
back-4
ধর্মমন্ত্রী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সৌদি হজমন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর সাথে বৈঠক করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ ও বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ সময় তারা হজ ও উমরাহবিষয়ক সেবা ও সহযোগিতা জোরদারে ঐকমত্য পোষণ করেছেন। তাদের এ বৈঠকের ফলে বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল সৌদির স্থানীয় সময় বেলা ১১ টায় মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় সৌদি হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় সৌদি আরব অসাধারণ অগ্রগতি করেছে। এ ছাড়া, হজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়ন হয়েছে। এজন্য সৌদি সরকারকে বাংলাদেশের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কে কথা স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ। এ দু’দেশের সম্পর্ক পারস্পরিক আস্থা ও অভিন্ন ধর্মীয় বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বৈঠকে যোগ দিতে ধর্মমন্ত্রী কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পৌঁছালে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর নেতৃত্ব একটি প্রতিনিধি দল তাকে স্বাগত জানান।

বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বৈঠকে শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে একটি সৌজন্য উপহার তুলে দেন ধর্মমন্ত্রী। সৌদি মন্ত্রীও ধর্মমন্ত্রীকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (আইসিডি) ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আয়াতুল ইসলাম, জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো: সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামে যোগ দিতে ধর্মমন্ত্রী বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন।