বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে গতকাল এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা দেশ পেয়েছি, তাই তাদের সম্মান ও অধিকার সবার আগে। পাশাপাশি বিগত স্বৈরাচারী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্যও আমাদের কাজ করতে হবে। এ ছাড়াও তিনি আগামী স্বাধীনতা দিবসে ডিএসসিসির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর অরাজনৈতিক ও মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিও অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিগত স্বৈরাচারী শাসনামলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রায় ছয় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ইফতারের আগে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার পাশাপাশি গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা ও ন্যায়বিচারের দাবি জানান।