মাদারীপুরে ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম
সাংবাদিকদের প্রকৃত বন্ধু সাংবাদিকরাই
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
দৈনিক মানবকণ্ঠের সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম বলেছেন, সাংবাদিকদের প্রকৃত বন্ধু সাংবাদিকরাই। অন্য কোনো পেশার মানুষ সবসময় সাংবাদিকদের পাশে থাকে না; সাংবাদিকদেরই একে অপরের পাশে দাঁড়াতে হয়।
গত শুক্রবার মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মো: শহিদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এসব সমস্যা মোকাবেলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। এ সময় তিনি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। তিনি বলেন, দীর্ঘদিন ঢাকায় সাংবাদিকতা করে অসহায় মানুষের কল্যাণে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। তবে বর্তমানে অপসাংবাদিকতার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা রোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ স্থানীয় সাংবাদিকরা।