বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যালি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার (৩ মে) দেশজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলায় র‌্যালি, আলোচনা সভা ও মতবিনিময় কর্মসূচিতে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

বাগেরহাট প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিপক্কতা অর্জন করেছেন। তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা এখন রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে সভা করে। এতে সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা শুধু সাংবাদিকদেরই দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তিনি বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ আয়োজিত পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে সারাদেশে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে মত দেন যে, স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্র ও জবাবদিহিতার অন্যতম মূল ভিত্তি।