নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদকে ফুল দিয়ে বরণ

Printed Edition

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থী ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ায় মধুমতী সেতুতে পৌঁছলে নড়াইল ও লোহাগড়া বিএনপির পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা তাকে নিয়ে ব্যান্ডপার্টিসহ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে লোহাগড়া শহরের কুন্দশী এলাকায় পৌঁছায়। সেখানে স্থানীয়রা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এ সময় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে হিমসিম খেতে হয়। শোভাযাত্রাটি মহাসড়ক দিয়ে শহরে পৌঁছে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি এ সময় নড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন, মানুষের ভালোবাসায় আজ আমি সিক্ত। সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে, ইনশা-আল্লাহ।