পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Printed Edition
পাহাড়, সমতল ও সমুদ্রের সংমিশ্রণে চট্টগ্রাম বিভাগ গঠিত। সে কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা অন্যান্য বিভাগ থেকে একটু কঠিন। বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, পটিয়া এবং সাতকানিয়া পাহাড় ও সমতলের সংমিশ্রণ থাকায় সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়। সে জন্য তাদেরকে আইনের আওতায় আনা সময়সাপেক্ষ। সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। আশা করছি সবার সহযোগিতায় অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।
গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলাবাহিনী এবং বিভিন্ন দফতর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।
গণমাধ্যমের অকৃত্রিম সহযোগিতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোনো ঘটনা ঘটলে তা অবশ্যই প্রকাশ করবেন। কিছু কিছু সাংবাদিক আছে যারা, কোনো ঘটনা ঘটলে যাচাই-বাছাই না করেই সংবাদ প্রচার করে। এর সুযোগ নিয়ে পাশের দেশের সাংবাদিকরা আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে অনুরোধ জানান।
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীনের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলাবাহিনী ও বিভিন্ন দফতর/ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।