মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ
Printed Edition
এএফপি ও আলজাজিরা
মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে বলে জানা গেছে। এই ভোটকে গণতন্ত্র পর্যবেক্ষকরা ‘সামরিক শাসনকে পুনঃনামকরণের একটি চক্রান্ত’ হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দাবি করেন, দেশটিতে চলমান জাতীয় নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে। রোববার রাজধানী নেইপিডোতে নিজের ভোট দেয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন হ্লাইং। তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। এটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের নাম কলঙ্কিত হতে দিতে পারি না।
এ দিন সকাল থেকেই কঠোরভাবে নিয়ন্ত্রিত এই জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই ব্যাপক সহিংসতা ও অস্থিরতার মধ্যে রয়েছে। ওই অভ্যুত্থানে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। জাতিসঙ্ঘের মতে, চলমান গৃহযুদ্ধের পাশাপাশি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ- বিশেষ করে চলতি বছরের মার্চে সংঘটিত শক্তিশালী ভূমিকম্প- দেশটির মানবিক পরিস্থিতিকে আরো সঙ্কটাপন্ন করে তুলেছে।
এ জন্য এই সাধারণ নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবেই দেখছে দেশটির বিরোধী শিবির ও পশ্চিমা বিশ্ব। এক দিকে প্রধান রাজনৈতিক দলগুলো ভেঙে দেয়া হয়েছে, বহু নেতাকে কারাগারে পাঠানো হয়েছে; অন্য দিকে চলমান গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের প্রায় অর্ধেক মানুষই ভোট দিতে পারবে না বলে আগেই অনুমান করা গিয়েছিল।