সুনামগঞ্জে হক সুপার মার্কেটে ভয়াবহ আগুন
Printed Edition
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত হক সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭-১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার রাত প্রায় সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সৃষ্টি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শুধু দোকান নয়, বহু ব্যবসায়ীর তিলে তিলে গড়া জীবিকার স্বপ্নও পুড়ে যায়। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতায় তাদের হিমশিম খেতে হয়। পরে শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুরসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। স্থানীয়দের ধারণা, অন্তত ১৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকানই জুতা ও স্যান্ডেলের গোডাউন ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপণে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পানির সঙ্কট। স্থানীয়দের অভিযোগ, শহরের পুকুর ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় জরুরি সময়ে পর্যাপ্ত পানির উৎস পাওয়া যায়নি। এতে আগুন নেভাতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সাথে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের বিস্তার বাড়ায় আরো দু’টি ইউনিট যুক্ত করা হয়। পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া ক্ষয়ক্ষতি নিরূপণে তালিকা প্রস্তুতের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। এ অগ্নিকাণ্ড শহরের অগ্নি নিরাপত্তা ও জরুরি পানির উৎস সঙ্কট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।