অবসরে সরফরাজ আহমেদ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই উইকেটকিপার-ব্যাটার ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-২০ ম্যাচ খেলেছেন।
সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৭ সালে। তার নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি-২০১৭ জিতে নেয় পাকিস্তান। সেই আসরের ফাইনালে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয় পাকিস্তান। এর মাধ্যমে কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের পর প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে ৫০ ওভারের কোনো আইসিসি ট্রফি জেতান সরফরাজ।
অবসরের ঘোষণায় সরফরাজ বলেন, পাকিস্তানের হয়ে খেলা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতি থেকে শুরু করে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতা সব মুহূর্তই তার কাছে বিশেষ। সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধিনায়ক হিসেবে সরফরাজ পাকিস্তানকে ১৩টি টেস্ট, ৫০টি ওয়ানডে ও ৩৭টি টি-২০তে নেতৃত্ব দেন। তার অধীনে টি-২০তে পাকিস্তান বিশ্ব রথ্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসে এবং টানা ১১টি সিরিজ জিতে বিশ্বরেকর্ড গড়ে।
ব্যক্তিগত পরিসংখ্যানে টেস্টে চারটি সেঞ্চুরিতে ৩০৩১ রান করেছেন। ওয়ানডেতে করেছেন ২৩১৫ রান ও দুটি সেঞ্চুরি। টি-২০তে তার সংগ্রহ ৮১৮ রান। উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তিনি ৩১৫টি ক্যাচ নিয়েছেন এবং ৫৬টি ডিসমিসালও রয়েছে।
ব্যক্তিগত ফর্মের অবনতি হওয়ায় ২০১৯ সালে হঠাৎ করেই তিন সংস্করণের অধিনায়কত্ব হারান সরফরাজ এবং কিছু সময় দলের বাইরে থাকেন। তবে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে আবার আলোচনায় আসেন তিনি।
পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলেন ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে। অবসরের পর পাকিস্তান পুরুষ দলের নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করবেন তিনি।