কাঁঠালিয়ায় চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেয়ার অভিযোগ
Printed Edition
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘বরিশাল এক্সপ্রেস’ পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং চলন্ত গাড়ি থেকে এক যাত্রীকে ফেলে দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে মনিরুজ্জামান নামের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, তিনি ১১০০ টাকা দিয়ে গাজীপুর যাওয়ার জন্য একটি টিকিট সংগ্রহ করেন। নির্ধারিত সময়ে গাড়িটি তালতলা বাজারে পৌঁছালে তিনি থামার সঙ্কেত দেন। কিন্তু বাসটি না থামানোয় তিনি বাধ্য হয়ে চলন্ত অবস্থায় লাফিয়ে ওঠার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, এ সময় বাসের সুপারভাইজার তার সাথে অত্যন্ত অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে চলন্ত গাড়ি থেকে নিচে ফেলে দেন। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে শরীরে মারাত্মক চোট পান।
মনিরুজ্জামানের দাবি, ঈদ-পরবর্তী সময়ে নির্ধারিত ৬০০-৭০০ টাকার ভাড়ার বদলে ১১০০-১৩০০ টাকা আদায় করছে পরিবহনটি। চড়া দামে টিকিট কেটেও যাত্রীরা আসন পাচ্ছেন না, উল্টো প্রতিবাদ করলে স্টাফদের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে আমুয়া কাউন্টার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে বরিশাল এক্সপ্রেসের ব্যবস্থাপক সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, কোনো স্টাফ যাত্রীর সাথে খারাপ আচরণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। বাড়তি ভাড়ার বিষয়ে তিনি দায় চাপান স্থানীয় কাউন্টারগুলোর ওপর।
কাঁঠালিয়া ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়ার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।