বগুড়ায় গ্রাম আদালতে ক্ষতিপূরণ আদায় ৪ কোটি টাকা
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া জেলায় গ্রাম আদালত ভিন্ন ভিন্ন আদেশে গত ২২ মাসে (২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর ) ক্ষতিগ্রস্তদের চার কোটি ৩২ লাখ টাকা আদায় করে দিয়েছে। এ সময় ছোট খাটো ঘটনায় উচ্চ আদালতে দায়েরকৃত এক হাজার ৪৮৪টি মামলা গ্রাম আদালতে ফেরত পাঠিয়েছে বিচারকরা। গতকাল বুধবার গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় প্রকল্পের ) আয়োজনে জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালায় এ সব তথ্য জানানো হয়। সভায় আরো জানানো হয়, গত ২২ মাসে জেলার ১০৯টি ইউনিয়নে ( ১৯৭৩টি বাদি নারী ) ছয় হাজার ৯১টি মামলা দায়ের হয়েছে । এর মধ্যে ৬৭ শতাংশ মামলা নিস্পত্তি এবং ৯৬ শতাংশ কার্যকর হয়েছে। বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। তিনি এ কাজে সাংবাদিক ও এনজিওদের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সরকার বগুড়ার উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও প্রকল্পের জেলা ম্যানেজার আহসান হাবীব নয়নের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও হোসাইন মোঃ রায়হান, জেলা নারী ও শিশুবিষয়ক উপপরিচালক তানজিলা আখতার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন।