ডুমুরিয়ায় খাল খননের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত দাবি
Printed Edition
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়া উপজেলায় হরি নদীর একটি শাখা খাল খননের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কাগজে-কলমে খনন কাজ দেখানো হলেও বাস্তবে তেমন কোনো কাজ হয়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।
জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির অধীনে হরি নদী থেকে গীতা মন্দির পর্যন্ত ৩৬২ মিটার খাল খননের জন্য তিন লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন রুদাঘরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিহাব উদ্দিন মোল্যা।
এলাকাবাসীর অভিযোগ, খননকাজের নামে সামান্য কাজ দেখিয়ে পুরো অর্থ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা সংশ্লিষ্ট ব্যক্তির অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওয়ার্ড বিএনপির নেতা কামরুল ইসলাম মোল্যা বলেন, কোনো কাজই হয়নি, কাজ না করেই বিল তুলে নেয়া হয়েছে। শোলঘাটিয়া বাজারের ব্যবসায়ী আমানুল্লাহ জানান, সামান্য কচুরিপানা সরিয়েই বিল উত্তোলন করা হয়েছে। স্থানীয় হোটেল ব্যবসায়ী বিকাশ পাল বলেন, শুরুতে অল্প কিছু কাজ দেখা গেলেও পরে আর কোনো কার্যক্রম হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।