স্বাধীনতা কোনো দলের একক অর্জন নয় : বাংলাদেশ মুসলিম লীগ

Printed Edition

বাংলাদেশের স্বাধীনতা কোনো দলের একক অর্জন নয়। এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। সেই সাথে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সব শহীদের রূহের মাগফেরাত কামনা করি। গতকাল এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। তারা আরো বলেন, গত ১৭ বছর স্বৈরশাসকের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে এ দেশের মানুষ স্বাধীনতা দিবস সঠিকভাবে পালন করতে পারেনি। ২০২৬ এর স্বাধীনতা দিবস একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল ফিতরের পরে দৌলতদিয়া বাস দুর্ঘটনাসহ কয়েকটি স্থানে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা সত্যি মর্মান্তিক। দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করি। অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলাজনিত এই দুর্ঘটনার জন্য সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।

শনিবার পল্টনস্থ মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ীর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজীব, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা: হাজেরা বেগম, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি, দফতর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ও চব্বিশের সব শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অধ্যক্ষ দিলারা হাফিজের ইন্তেকালে শোক

জাতীয় সংসদের স্পীকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের স্ত্রী ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের ইন্তেকালে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়দা কাদের চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী এবং অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজীব শোক ও সমবেদনা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানান আন্তরিক সমবেদনা। বিজ্ঞপ্তি।