ফের ডিপিএলে স্পন্সর ওয়ালটন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে একটু দেরি করেই এলেন ফরহাদ রেজা। অবশ্য এই দেরিরা খুবই অল্পসময়ের জন্য। এরপর বিসিবি এবং স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন কর্মকর্তারা বাটনে চাপ দেয়ার পর পাশে আড়ালে থাকা ট্রফি ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে। পরে ১২ দলের অধিনায়কদের মধ্য থেকে সেই ট্রফি হাতে নিয়ে অন্যদের নিয়ে ফটো সেশনে যান আবাহনীর অধিনায়ক মোস্তাফিজুর রহমান সৈকত। কারন গত লিগের চ্যাম্পিয়ন আবাহনী। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আগেও প্রিমিয়ার ক্রিকেটের পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন। মধ্যে তারা পৃষ্ঠপোষকতা করতে পারেনি। তবে এবার ফের তারা এই লিগের স্পন্সর। সাথে থাকছে বসুন্ধরা সিমেন্টও।

সংবাদ সম্মেলনে উপস্থিত ওয়ালটন কর্মকতা জানান, আমরা ১৩ বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পাশে ছিলাম। গত বছর দুর্ভাগ্যজনকভাবে পারিপার্শ্বিক অবস্থার জন্য পাশে থাকতে পারিনি। এবার আবার আমরা দেশের অন্যতম সেরা এই ক্রিকেট আসরের স্পন্সর করতে পারছি। এ ছাড়া ১৫ বছর ন্যাশনাল ক্রিকেট লিগ এবং ৯ বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সাথে ছিলাম। বিশ্বের ৫৫টি দেশে আমাদের পণ্য যাচ্ছে। যেখানেই যাই সেখানে বলা হয় কোনো একটি আন্তর্জাতিক ইভেন্টে যেন আমরা এই পণ্যটির নাম দেখেছি- এটা ক্রিকেটের কারণেই হয়েছে।

এবারের লিগে খেলছে আবাহনী, মোহমেডান, গাজী গ্রুপ, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ইউনিয়ন , সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডস।