কুষ্টিয়ায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
Printed Edition
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সাহাবুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের আসাদুল প্রামাণিক ওরফে কালু, হাবিল হোসেন, মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের আবু তাহের। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২০ অক্টোবর মিরপুর উপজেলার মিটন গ্রামের বাসিন্দা সাহাবুল ইসলাম বাজার করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন বুড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ধইঞ্চাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন মিরপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দেয়। পলাতক আসামি আবু তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয়া হয়েছে।