মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে মিন অং হ্লাইংয়ের শপথ গ্রহণ
Printed Edition
আলজাজিরা
মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট হিসেবে গতকাল শুক্রবার শপথ নিয়েছেন। পাঁচ বছর আগে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লাইং। ২০২১ সালের সেই ঘটনার জেরে মিয়ানমারে যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে।
দীর্ঘ প্রায় অর্ধ দশক বিশেষ অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসনের পর চলতি বছরের জানুয়ারিতে তিনি সাধারণ নির্বাচনের আয়োজন করেন। সেই নির্বাচনের ধারাবাহিকতায় এবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং। তবে এই নির্বাচনে সু চির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দলকে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি। মূলত সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্ররাই এই একপেশে নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন।
শুক্রবার রাজধানী নেইপিডোয় দেশটির পার্লামেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শপথ গ্রহণ করেন। এ সময় তিনি মিয়ানমারে ন্যায়বিচার স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদের শুরুতে তিনি বলেন আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি। এর আগে তিনি সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দেন।