টরন্টোতে ঢাবি সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার

Printed Edition
3rd-3
কানাডায় বসবাসরত ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল

টরন্টো প্রতিনিধি

কানাডায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে টরন্টোতে এক ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার টরন্টোর ‘ঢাকা কিচেন’ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মেতে ওঠেন।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ এবং বিভাগের সদ্যপ্রয়াত শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। গত ৮ মার্চ রাজধানী ঢাকার একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিভাগের সাবেক শিক্ষার্থী ও টরন্টোর রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী তার স্মৃতিচারণে বলেন, অধ্যাপক সাখাওয়াত আলী খানের সাথে সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। স্যারের স্নেহ ও দিকনির্দেশনা সারাজীবন মনে থাকবে।

সাবেক ক্রীড়া সাংবাদিক আবু সাদাত বলেন, সাংবাদিকতা বিভাগের একটি বিশেষ গুণ হলো, পৃথিবীর যেখানেই থাকি না কেন, ব্যাচ বা বয়সের ব্যবধান ভুলে আমরা এক হয়ে যাই। প্রবাসে আজকের এই ইফতার সন্ধ্যাটিও তেমনই এক প্রাণের স্পন্দনে রূপ নিয়েছে।

অনুষ্ঠানে ‘টিভি মেট্রো মেইল কানাডা’র প্রধান নির্বাহী ইমামুল হক, ব্যাংক অব মন্ট্রিয়লে কর্মরত এবং অলাভজনক সংগঠন ‘প্রগ্রেসিভ অ্যাকশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট’ (পেইস)-এর পরিচালক আবু মহসিনসহ আরো উপস্থিত ছিলেন- নির্মাতা জানা শাম্মি, ‘ডিরেক্টরস গিল্ড অব কানাডা’ (ডিজিসি)-এর সদস্য নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী, রুহিনা তাসকিন, জিনাত আসগর, ইশরাত জাহান এবং লাকি আনসারী।

প্রবাসের ব্যস্ততার মধ্যে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী ও তেহারী-বিরিয়ানির আমেজে সাবেক শিক্ষার্থীরা এক উষ্ণ ও স্মরণীয় সন্ধ্যা অতিবাহিত করেন।