পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স

Printed Edition

আলজাজিরা

টানা দ্বিতীয় বছরের মতো কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সি-প্যাক) স্ট্র পোল তথা জরিপে শীর্ষস্থান দখল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশটির অন্যতম বৃহৎ ডানপন্থী সমাবেশে তার এই জয় বিশেষ গুরুত্ব বহন করছে। জরিপটি মূলত একটি নির্দেশক হিসেবে কাজ করে। যদিও এটি সবসময় নির্ভুল হয় না, তবে এ থেকে ধারণা করা যায়, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে কে এগিয়ে থাকতে পারেন।

এ বছরের চার দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতৃত্ব দেয়ার জন্য তারা কাকে পছন্দ করেন। স্থানীয় সময় গতকাল শনিবার মঞ্চে এই ফল ঘোষণা করা হয়। প্রায় এক হাজার ৬০০ জন অংশগ্রহণকারীর ভোটের মধ্যে ৫৩ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পান ভ্যান্স। তবে এই তালিকায় বেশ ওপরের দিকে উঠে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরেকজন শীর্ষ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফ্লোরিডার সাবেক এই সিনেটর ৩৫ শতাংশ ভোট পেয়েছেন।

রুবিওর জন্য এটি একটি বড় উন্নতি। কারণ, গত বছরের সি-প্যাক স্ট্র পোলে তিনি চতুর্থ স্থানে ছিলেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মাথায় গত বছর নেয়া সেই পোলে দেখা গিয়েছিল, ভ্যান্স ৬১ শতাংশ সমর্থন পেয়েছিলেন। অন্য দিকে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ১২ শতাংশ এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ৭ শতাংশ ভোট পান। রুবিও এবং প্রতিনিধি এলিস স্টেফানিক উভয়েই পেয়েছিলেন ৩ শতাংশ ভোট। বার্ষিক এই সম্মেলন সি-প্যাকের উপস্থিতিতে সাধারণত রাজনৈতিক কেন্দ্রের তুলনায় কট্টর ডানপন্থীদের প্রাধান্য বেশি থাকে।