সুপারিশে নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেয়া হবে : মির্জা ফখরুল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কারো সুপারিশ বা তদ্বির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে চাকরি খুঁজে। এভাবে চাকরি পাওয়া তো অসম্ভব। এ জন্য আমাদের নিজেদেরকে আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। অমুকের ভাই, একটু বলে দেন। এভাবে আর চাকরি হবে না। সব ক্ষেত্রে সরকার মেধার মূল্যায়ন করবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদ্বির। সেই তদ্বিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই তাহলে তো মুশকিল হবে। নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি সমিতির নামে বিভক্ত সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।