সংসদে মাসুদ সাঈদী

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ও বিচার বিভাগের স্বাধীনতা দাবি

Printed Edition

সংসদ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন।

সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং সমাজের সর্বস্তর থেকে দুর্নীতি নির্মূল করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার মতে, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সংসদ সদস্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি গবেষণার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিপুল অর্থ অপচয় ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি বলেন, ‘মন্ত্রী, এমপি বা আমলা- যেই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকা পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন।

সংসদ সদস্য তার বক্তব্যে ২০২৫ সালে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, গণভোটে জনগণ এই সনদের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু করা উচিত।

বক্তব্যের শেষাংশে তিনি সংসদকে প্রকৃত অর্থে জনগণের সংসদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রতিহিংসা ও সঙ্ঘাতের রাজনীতি পরিহার করে ঐক্য, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পথেই দেশকে এগিয়ে নিতে হবে।’