ঝালকাঠিতে নিখোঁজ জুনায়েদ মুক্তিপণ দাবি
Printed Edition
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্র জুনায়েদ খান (১৩) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই বাড়ির জাহাঙ্গীর হোসেন খান ও তার দুই ছেলে সবুজ ও সজিবকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। গত রোববার নিখোঁজ শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী বশির খান থানায় লিখিত অভিযোগ করেন।
জুনায়েদ উপজেলার বানাই গ্রামের বাসিন্দা ও স্থানীয় বানাই হাইস্কুলের ছাত্র। পরিবার জানায়, গত ৩০ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি।
নিখোঁজের দুই দিন পর একটি নম্বর থেকে বশির খানকে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, শিক্ষার্থীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছাত্রটিকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।