রূপগঞ্জে মাদক কারবারে জড়িত থাকায় ৩ পুলিশ প্রত্যাহার
Printed Edition
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সাথে মাদক কারবারের সাথে সম্পৃক্ততার অভিযোগে রূপগঞ্জ থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মাদককারবারের সাথে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন।
এর আগে গত ১১ মার্চ রাতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঠাকুরবাড়িরটেক এলাকায় পৃথক অভিযান চালান। এ সময় সেখান থেকে প্রায় ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক কারবারের সাথে যুক্ত সন্দেহে আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুজনকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ আটক এবং মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।