উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়ার চূড়ান্ত অনুমোদন

বিয়ের প্রলোভনে অবৈধ সম্পর্কের অপরাধের সর্বোচ্চ সাজা ৭ বছর

নিজস্ব প্রতিবেদক
Printed Edition

ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন হচ্ছে। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তবে, অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি। এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। আর এ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে সাত বছরের কারাদণ্ড।

গতকাল বিকেলে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলাগুলোর ক্ষেত্রে নতুন কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। আগের আইনে নতুন কিছু সেকশন সংযুক্ত করে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে। এছাড়া এই মামলাগুলোর ক্ষেত্রে আরো যেসব পদক্ষেপ নেয়া সম্ভব ছিল, সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, উপদেষ্টা পরিষদ নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস করেছে। এই বিষয়ে আইন উপদেষ্টা সম্প্রতি বিস্তারিত আলোচনা করেছেন। এরপর আমরা নারী সংগঠনগুলোর সাথে আলাপ করেছি এবং তাদের মতামত আইনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। এ আলোচনার ভিত্তিতে আজকের (বৃহস্পতিবার) বৈঠকে সংশোধনী পাস হয়েছে।

প্রেস সচিব জানান, আইনে ‘বলাৎকার’ এর নতুন সংজ্ঞা দেয়া হয়েছে। এই ধরনের মামলাগুলোর জন্য ডিএনএ টেস্টের বিলম্ব একটি বড় সমস্যা ছিল, সেই বিষয়েও পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় থাকবে, তবে এটি একটি পৃথক সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ নয়, একই অপরাধের আওতায় পৃথকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া ডিএনএ টেস্ট দ্রুত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন : প্রেস সচিব জানান, পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন পেয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সরকারি ক্রয়-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এবং সিন্ডিকেট ভাঙার জন্য এ সংশোধনী আনা হয়েছে। প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশের কম হলে টেন্ডার বাতিলের যে বিধান ছিল, তা বাতিল করা হয়েছে। পূর্বের কাজের মূল্যায়নের জন্য যে ম্যাট্রিক্স ছিল, যা একই প্রতিষ্ঠান বারবার কাজ পেতে সহায়তা করছিল, তা পরিবর্তন করে নতুন সক্ষমতা ম্যাট্রিক্স চালু করা হবে। এতে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে। বর্তমানে ৬৫ শতাংশ কাজের দরপত্র বা টেন্ডার অনলাইনে হয়, এবং এটি শতভাগে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না, সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।

সরকারি ছুটি ও অন্যান্য সিদ্ধান্ত : শফিকুল আলম জানান, জনসাধারণের সুবিধার্থে ৩ এপ্রিল একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চৈত্র-সংক্রান্তিতে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সঁাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের বাঙালি ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীও এ ছুটির আওতায় থাকবে।

ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো : ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের এ সাত মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের সাথে বাণিজ্য আরো বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারে। তবে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, এবং সেটি অবশ্যই ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।

চীনে প্রধান উপদেষ্টার সফর হবে ঐতিহাসিক সফর : শফিকুল আলম বলেন, চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে। চীন আমাদের তিনটি কৃষিপণ্য আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। আমরা আশা করছি, চীনে রফতানির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিভিন্ন কমিশনের রিপোর্ট : সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামীকাল শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এ মাসেই অথবা প্রধান উপদেষ্টার চীন সফর শেষে জমা হবে। ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাডহক কমিটি ছিল, সেগুলোর পরিবর্তনের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সার্চ কমিটির জন্য নির্দিষ্ট সময়সীমা ছিল না। আজকের চিঠির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে।