তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে হত্যা ট্রাকচাপা দিয়ে
জেলার সব পাম্প বন্ধ
Printed Edition
নড়াইল প্রতিনিধি
জ্বালানি তেল না পেয়ে নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) নামে একজনকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করেছে জেলা তেল পাম্প মালিক সমিতি।
গতকাল দুপুরে পাম্প বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু। তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার রাত ১২টার দিকে স্থানীয় ট্রাকচালক সুজাত মোল্যা ওই পাম্পে তেল নিতে আসেন। তিনি সিরিয়াল ভেঙে আগে তেল দাবি করলে ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদ তাকে লাইনে দাঁড়াতে বলেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সুজাত তাদের দেখে নেয়ার হুমকি দেন। পরে রাত ২টার দিকে পাম্পের তেল শেষ হয়ে গেলে তিনি আরো ক্ষিপ্ত হন। এরপর ২টা ১০ মিনিটের দিকে ডিউটি শেষে নাহিদ ও জিহাদ মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ট্রাক নিয়ে ওঁৎ পেতে থাকা সুজাত মোল্যা তাদের ধাওয়া করে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জহুর আলীর ছেলে জিহাদ মোল্যার (২৭) পা ট্রাকচাপায় ভেঙে গেছে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে ঘটনার পর ঘাতক চালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছেন। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ঘর তালাবন্ধ রয়েছে।
তেলপাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাগি¦তণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় পাম্প থেকে বের হন। তখন চালক সুজাত ট্রাক চালিয়ে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী বলেন, নাহিদ হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্ত চালক সুজাতসহ ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
নড়াইল সদরের ইউএনও টি এম রাহসিন কবির বলেন, খবর পেয়ে সরেজমিনে এসেছি। অভিযুক্ত চালককে ধরতে কাজ করছে প্রশাসন। এ ছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।