সিলেটে মতবিনিময় সভা
তথ্যভিত্তিক রিপোর্টিং তরুণদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে
Printed Edition
সিলেট ব্যুরো
সিলেটে শিক্ষার্থী অভিবাসন সংক্রান্ত ভুল তথ্য, প্রতারণা ও ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকা শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর একটি হোটেলে ‘সাত সমুদ্রের ওপারে : সিলেটে অভিবাসন ইস্যুর সংবাদ কাভারেজ জোরদার করা’ শীর্ষক এই মতবিনিময় সভায় সিলেটে অভিবাসন নিয়ে রিপোর্টিং করা সিনিয়র সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।
সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশের (সি-ক্যাব) এই মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, সঠিক ও তথ্যভিত্তিক সিদ্ধান্তকে অভিবাসনপ্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। শিক্ষার্থীরা যেন তথ্যের অভাবে বা ভুল তথ্যের কারণে ভোগান্তিতে না পড়ে তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ভুল তথ্য, গুজব এবং অনৈতিক দালালচক্রের কারণে অনেক শিক্ষার্থী ডিপোর্টেশন, আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতিতে গণমাধ্যমের অনুসন্ধানী ও তথ্যভিত্তিক রিপোর্টিং তরুণদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক বলেন, আমরা অনেক সময় নিজের যোগ্যতা, দক্ষতা বা সক্ষমতা বিবেচনা না করেই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিই, যা পরবর্তীতে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. তানজিনা চৌধুরী শিক্ষার্থী অভিবাসনের সামাজিক প্রভাব ও তথ্যবিভ্রান্তির ঝুঁকি নিয়ে বলেন, অনেক সময় আত্মীয়স্বজনও বিদেশে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন, কিন্তু বাস্তব পরিস্থিতি বা সম্ভাব্য ঝুঁকি নিয়ে ভাবেন না। আবার তরুণদের মধ্যে দেখা যায়, যেভাবেই হোক বিদেশে যাওয়ার প্রবল আকাক্সক্ষা, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত দক্ষতা, যেমন স্পোকেন ইংরেজি বা আইইএলটিএসে উচ্চ ব্যান্ড স্কোর, এসবের গুরুত্ব অনেকেই অবমূল্যায়ন করে বলেও তিনি মন্তব্য করেন।
মুক্ত আলোচনা পর্বে অংশ নেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিলেট প্রতিনিধি ইকবাল সিদ্দিকী, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটের ডাকের চিফ রিপোর্টার মুহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ফারুক আহমদ, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেটে প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, দৈনিক খবরের কাগজের সিলেট প্রতিনিধি শাকিলা ববিসহ আরো কয়েকজন সংবাদকর্মী। সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদেশে যাওয়া এখন চরম সামাজিক মর্যাদা ও ‘ভালো জীবন’-এর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকেই শুধু পাউন্ডে আয় করার আকর্ষণে সিদ্ধান্ত নেন। গ্রামাঞ্চলের অনেক তরুণ আসলে শিক্ষার্থী নন, তবুও শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন।