শ্রমিকদের কর্মবিরতি : গাজীপুরে করণী ফ্যাশনস বন্ধ ঘোষণা

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

শ্রমিকদের অব্যাহত কর্মবিরতির পরিপ্রেক্ষিতে গাজীপুরের করণী ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানা (গার্মেন্টস শাখা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার হতে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার কারখানার মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও কমপ্লায়েন্স) আশিক ফেরদৌস শআহ স্বাক্ষরিত নোটিশে কারখানা বন্ধের নির্দেশনা দেয়া হয়। কারখানাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাফিপুর (রতনপুর) এলাকায় অবস্থিত।

নোটিশে উল্লেখ করা হয়, বুধবার বিকেল থেকে কোনো ধরনের পূর্ব অবগতি ছাড়াই করণী ফ্যাশনস লিমিটেড (গার্মেন্টস) শাখার শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা কারখানার প্রবেশ করলেও কাজ থেকে বিরত থাকেন। কর্তৃপক্ষ তাদেরকে বারবার অনুরোধ সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রমিকদের দ্বারা বেআইনি ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরবর্তী কর্মদিবস শনিবার হতে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তীতে কর্তৃপক্ষের নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ সবাইকে জানানো হবে। তবে করণী ফ্যাশনস লি: এর নিটিং সেকশন এবং একই মালিকানাধীন অন্যান্য কারখানার জন্য এই বন্ধের নোটিশ প্রযোজ্য হবে না।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসের বেতন একসাথে পরিশোধ না করে ধাপে ধাপে (কিস্তিতে) পরিশোধ করে আসছিল । এতে আমাদের বাড়ি ভাড়া ও অন্যান্য দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যা হচ্ছিল। এর প্রতিবাদে আমরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত ছিলাম।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, কারখানায় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। শ্রমিকরা এ অনিয়মের প্রতিবাদ করায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই করণী ফ্যাশনসে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। বিষয়টি আমরা খোঁজখবর নিচ্ছি।

করণী ফ্যাশনস লিমিটেড পোশাক কারখানা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেজবাউর রহমান খানের সাথে এসব বিষয়ে কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।