তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন প্রতীক ডাকসু
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
গতকাল মঙ্গলবার এক শোকবার্তায় ডাকসু নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন প্রতীক, যার সংগ্রামী জীবন দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ডাকসুর শোকবার্তায় বলা হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পর দেশের এক সঙ্কটময় সময়ে বেগম খালেদা জিয়া দৃঢ় সাহস ও প্রত্যয়ে রাজনীতির ময়দানে অবতীর্ণ হন। স্বৈরাচারী দমন-পীড়ন ও রাজনৈতিক প্রতিহিংসার মুখেও তিনি মাথা নত না করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন।
শোকবার্তায় আরো উল্লেখ করা হয়, দেশীয় ও বিদেশী আধিপত্যবাদ, রাজনৈতিক বিভাজন এবং মতাদর্শিক নিপীড়নের বিরুদ্ধে তিনি বরাবরই স্পষ্ট অবস্থান নিয়েছেন। জাতীয় সার্বভৌমত্ব, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থানের প্রশ্নে তার অবস্থান ছিল দৃঢ় ও আপসহীন। আলেম-ওলামাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর ওপর নিপীড়নের প্রতিবাদেও তিনি সাহসী ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করে ডাকসু।
শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানায়।