কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
Printed Edition
কক্সবাজার অফিস
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সৈকতের সুগন্ধা সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা বলেন, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। বেলা ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান। তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার লাশ সৈকতে ভেসে উঠতে দেখা যায়।