সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নিহতের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারসংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার দুই সহযোগীসহ সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে সেখানের চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদের ‘সুপারি চোর’ সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি করে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহযোগী সাথে নাজিরগাঁও গ্রামের মো: সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মো: মাসুম আহম্মদ (২০) লাশ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।