ধুনটে ছাত্রলীগের হামলায় বাবাসহ ছাত্রদল নেতা আহত

Printed Edition

বগুড়া অফিস

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বাবাসহ ছাত্রদল নেতা আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকসাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পাকুড়িহাটা গ্রামের আব্দুল মোতালিব (২৫) ও তার বাবা জেল হোসেন (৫২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে, শনিবার সকালে উপজেলার খোকসাহাটা গ্রামে ছানোয়ার হোসেনের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে যান ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। একই বাড়িতে দাওয়াত খেতে যান উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অসীম ও তার দলের নেতাকর্মীরা। দাওয়াত খাওয়ার সময় বসাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

দাওয়াত খাওয়া শেষে পাকুড়িহাটা গ্রামের বাড়ির দিকে রওনা হন ছাত্রদল নেতা আব্দুল মোতালিব ও তার বাবা জেল হোসেন। এ সময় ছাত্রলীগ নেতা অসীমের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালিয়ে আব্দুল মোতালেব ও তার বাবা জেল হোসেনকে আহত করে।

এ বিষয়ে মুঠোফোনে ছাত্রলীগ নেতা অসীমের সাথে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও আহত ছাত্রদল নেতার চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।