নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ গ্রহণের মাত্র একদিন পরেই এই নাটকীয় পদক্ষেপ নিলো নতুন সরকার
Printed Edition
আলজাজিরা
নেপালে গত বছরের রক্তক্ষয়ী ছাত্র-জনতার আন্দোলন দমনে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গতকাল শনিবার সকালে তাদের নিজ নিজ বাসভবন থেকে হেফাজতে নেয়া হয়। নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভার শপথ গ্রহণের মাত্র একদিন পরেই এই নাটকীয় পদক্ষেপ নিল নতুন সরকার।
কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, ‘আজ সকালে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে।’ নেপালি গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ৭৪ বছর বয়সী ওলিকে কাঠমান্ডুর শহরতলী ভক্তপুরে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, একই এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব জনক ভট্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং লিখেছেন, ‘প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি : আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি কারো বিরুদ্ধে প্রতিহিংসা নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু মাত্র। আমি বিশ্বাস করি, দেশ এখন নতুন এক অভিমুখে যাত্রা শুরু করেছে।’
২০২৫ সালের ৮-৯ সেপ্টেম্বর নেপালে দুর্নীতিবিরোধী এক গণ-অভ্যুত্থানে অন্তত ৭৭ জন নিহত হন। একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া সেই আন্দোলন দ্রুতই অর্থনৈতিক মন্দার বিরুদ্ধে দীর্ঘ দিনের ক্ষোভে রূপ নেয়। আন্দোলনের প্রথম দিনেই নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৯ জন প্রাণ হারান।
তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা একটি তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতেই এই গ্রেফতারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ‘গুলি করার সরাসরি আদেশ ছিল’ এমন প্রমাণ মেলেনি, তবুও ‘গুলি বন্ধ বা নিয়ন্ত্রণ করার কোনো প্রচেষ্টাও করা হয়নি।’ প্রতিবেদনে শিশু-কিশোরদের মৃত্যুর জন্য তৎকালীন প্রশাসনের চরম অবহেলাকে দায়ী করা হয়েছে।
কেপি শর্মা ওলি অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। সাম্প্রতিক নির্বাচনেও তিনি দাবি করেছিলেন যে, ‘অনুপ্রবেশকারীরা’ই ওই সহিংসতার জন্য দায়ী। তবে গত ৫ মার্চের নির্বাচনে ৩৫ বছর বয়সী র্যাপার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া বালেন্দ্র শাহের কাছে নিজের নির্বাচনী আসনেই পরাজিত হন চারবারের এই সাবেক প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) যুব-নির্ভর রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নিরঙ্কুশ জয়লাভ করে। শুক্রবার অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়, যার ধারাবাহিকতায় আজ ওলি ও লেখককে গ্রেফতার করা হলো।