মধ্যনগরে বৃষ্টিতে পড়ল দেড় কেজি ওজনের শিলাখণ্ড

Printed Edition

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের মধ্যনগরে গত রাতে আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় এক থেকে দেড় কেজি ওজনের বড় বড় শিলাখণ্ডে টিনের চাল ঝাঁঝরা হয়ে গেছে। এতে গৃহহীন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক শ’ পরিবার। এ ছাড়া শিলার আঘাতে আগাম বোরো ফসলেরও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের পলমাটি, চাপাইতি, মাছিমপুর, রাঙামাটি, কাউহানি ও বীরসিংহপাড়ার ওপর দিয়ে কয়েক মিনিটের এই প্রলয়ঙ্করী শিলাবৃষ্টি বয়ে যায়। পলমাটি গ্রামের এক বাসিন্দা বলেন, এমন বড় শিলা আগে কখনো দেখিনি। বৃষ্টির কয়েক মিনিটের মধ্যে টিনের চাল জালের মতো অসংখ্য ছিদ্র হয়ে গেছে। অধিকাংশ ঘরে পানি ঢোকায় নিম্ন আয়ের মানুষ এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এরই মধ্যে প্রাথমিক তালিকা তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, উপজেলা প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে। দুর্গত পরিবারগুলোর জন্য টিন ও প্রয়োজনীয় ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।