সুজন বনাম নোয়াখালী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এক সময় জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বাইশ গজ থেকে বিদায় নেয়ার পর কোচিংয়ে যোগ দেন সাবেক এই ক্রিকেটার। কোচ হিসেবে ঘরোয়া ক্রিকেটে তার সাফল্য থাকলেও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করেছেন সুজন। হেড কোচ হিসেবে ২০১৬ সালে একবার চ্যাম্পিয়ন হওয়ারও স্বাদ পেয়েছেন। এরপর থেকে আর শিরোপা ছুঁতে পারা তো দূরের কথা বরং টানা হারের রেকর্ড গড়েছেন। সর্বশেষ তিন আসরে দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের কোচ ছিলেন সুজন। তিন দলের সর্বশেষ ২৬ ম্যাচে ৩ জয়ের বিপরীতে হার ২৩টি।
২০২৪ সালে সুজনের কোচিংয়ে খেলেছিল দুর্দান্ত ঢাকা। সেবার জয় দিয়ে আসর শুরু করলেও পরের ১১ ম্যাচে টানা হারে দলটি। এর পরের আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নেন সুজন। ক্যাপিটালস সেই আসরের প্রথম ৬ ম্যাচে টানা পরাজয়ের স্বাদ পায়। সব মিলিয়ে বিপিএলে টানা ১৭ ম্যাচে জয়হীন ছিলেন কোচ সুজন। যা বিপিএলে রেকর্ড। গত আসরে মাত্র ৩ ম্যাচ জিতেছিল তার দল ঢাকা। যে কারনে নতুন মৌসুমে সুজনের সাথে চুক্তি করেনি ঢাকা ক্যাপিটালস। ফলে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব পান সুজন। দল বদলালেও পারফরম্যান্সের ভাগ্য পরিবর্তন হয়নি। তার কোচিংয়ে নোয়াখালী প্রথম ৩ ম্যাচে সবকটিতেই হারে। যে কারণে নোয়াখালীর বাঁকা নজরে আছেন এই কোচ।