শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরির কারিগর : শিক্ষামন্ত্রী

Printed Edition
3rd-2
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষকরাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুত্বপূর্ণ কাজ করছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির ‘প্র্যাকটিক্যাল ডক্টর’, যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। তারাই জাতির ভবিষ্যৎ তৈরির কারিগর। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে এটাকে সোজা রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

গতকাল রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত ওহফঁপঃরড়হ ঞৎধরহরহম ভড়ৎ ঘড়হ-ঈধফৎব ঞবধপযবৎং ড়ভ ঘবষিু ঘধঃরড়হধষরুবফ এড়াবৎহসবহঃ ঈড়ষষবমবং শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠনের যে আহ্বান জানানো হয়েছে, তা কোনো ব্যক্তি বা সরকারের একক এজেন্ডা নয়; বরং এটি একটি জাতীয় অঙ্গীকার।

এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজেদের সন্তানতুল্য মনে করে তাদের গড়ে তুলতে হবে। শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা; বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দু’টি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ। এ বিষয়ে কার্যকর সংস্কার প্রয়োজন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো: মেজবাহুল হক ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নতুন জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।