আড়াইহাজারে শীতার্তদের পাশে ইউএনও

Printed Edition
bangla-2
কম্বল বিতরণ করছেন ইউএনও আসাদুর রহমান : নয়া দিগন্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কনকনে শীত, ঘন কুয়াশা আর নিস্তব্ধ রাত। এমন রাতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট আরো তীব্র হয়ে ওঠে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে গভীর রাতে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান। গত রোববার গভীর রাতে তিনি খাসেরকান্দী আশ্রয়ণ প্রকল্প, সাদারদীয়া আশ্রয়ণ, বিষনন্দী ফেরিঘাট, রামচন্দ্রদী বাজার, আড়াইহাজার পুরান থানার লেবার কলোনি ও আড়াইহাজার পায়রা চত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষের হাতে কম্বল তুলে দেন। শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে, কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা।

ইউএনও আসাদুর রহমান বলেন, ‘শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাত-দিন বিবেচনা না করে যতটুকু সম্ভব সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা করছি।’

বিষনন্দী ফেরিঘাট এলাকার এক শীতার্ত ব্যক্তি বলেন, ‘সারা রাত কাঁপতে কাঁপতে কাটে। হঠাৎ ইউএনও স্যার এসে কম্বল দিলেন, মনে হলো কেউ আমাদের কথা ভাবছে। আজ রাতটা অন্তত শান্তিতে কাটবে।’