অফিসে চড়ুইভাতি
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
অফিসে প্রতি দিন চড়ুইভাতি! ঘড়ির কাঁটা বেলা ২টায় ছুলেই অফিসের ডেস্কে কোনো কর্মীকে পাওয়া যায় না। ৪০ জন কর্মীই তখন ব্যস্ত খাবার ভাগ করে খেতে। পাক্কা এক ঘণ্টা কাজ থামিয়ে সবাই একসাথে পিকনিকের মতো মজা উপভোগ করেন। তখন সেখানে শুধু খাওয়া, ছবি তোলা, হাসি-ঠাট্টা, আড্ডা। ম্যানেজার থেকে শুরু করে ইন্টার্ন, পাশাপাশি বসে খাওয়া সারেন। অফিসে ‘এক ঘণ্টার পিকনিক’-এর ঐতিহ্য চালু করেছে ভারতের একটি সংস্থা।
সংস্থার প্রতিষ্ঠাতা কাব্য কর্নাটক লিঙ্কডইনে জানিয়েছেন যে, প্রতি দিন বেলা ২টায় তার ৪০ সদস্যের দল সব কাজ থামিয়ে একত্রিত হয়ে খাবার খায়। তিনি লিখেছেন, ‘প্রতি দিন অফিসে আমাদের এক ঘণ্টার পিকনিক হয় এবং এ ব্যাপারে কোনো আপস চলে না। ডেডলাইন এবং চাপের মধ্যে থাকা বিভিন্ন বিভাগের ৪০ জনের একটি দল রয়েছে আমাদের; কিন্তু বেলা ২টা বাজলে সবাইকেই খাবারের জায়গায় পাওয়া যায়।’ চার দিক থেকে চেয়ার টেনে আনা হয়। কর্মীরা জায়গা না পেলে দাঁড়িয়ে থাকেন, গাদাগাদি করে বসেন, এমনকি কোনায় গিয়েও বসেন। কারণ আমাদের সংস্থায় কেউ একা খান না।’ খাবার টেবিলে কোনো পদমর্যাদার ভেদাভেদ নেই বলেও জানিয়েছেন কাব্য। কেউ বাড়ি থেকে আনা খাবার ভাগ করেন। কেউ খাওয়ার মাঝেই গেম খেলতে শুরু করে দেন। রোজই যেন উৎসব। সমাজমাধ্যমে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা।
পোস্টটি ভাইরাল হওয়ার সাথে সাথে নেটমাধ্যম ব্যবহারকারীরা কর্মক্ষেত্রের পরিবেশের সুস্থতা ও আনন্দ বজায় রাখার জন্য কাব্যের প্রশংসা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘এই ধরনের সংস্কৃতিই পদমর্যাদার ঊর্ধ্বে উঠে সত্যিকারের দল গঠন করে। হাসি-ঠাট্টা এবং আন্তরিকতার সাথে দুপুরের খাবার খাওয়ার টেবিল কর্মীদের মধ্যে এমন বন্ধন গড়ে তোলে যা কোনো মিটিংরুম কখনোই করতে পারে না।’