সিলেট-৬ আসনে তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস

Printed Edition

সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন গোলাপগঞ্জ (সিলেট)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রতীক বরাদ্দের পর থেকেই বিএনপি, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচ প্রার্থী মাঠে ব্যাপক গণসংযোগ, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসভা-পথসভা চালাচ্ছেন। ফলে দুই উপজেলাজুড়ে নির্বাচনী উত্তাপ ও কোলাহল বাড়ছে।

প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হাটবাজার, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলে ঘুরে ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরছেন। পাশাপাশি ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা। নির্বাচনী অফিসগুলোতেও প্রতিদিন ভিড় বাড়ছে। যদিও নির্বাচন সামনে এখনো কিছুটা সময় বাকি, তবুও ভোটের মাঠে সক্রিয়তা দিন দিন বাড়ছে। তবে সাধারণ ভোটারদের বড় একটি অংশ এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার), গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট জাহিদুর রহমান (ট্রাক) এবং জাতীয় পার্টির আব্দুন নূর (লাঙ্গল)। প্রতীক পাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

গত কয়েক দিনে গোলাপগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের আলাদা আলাদা গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এলাকা। একই সাথে বিয়ানীবাজার উপজেলাতেও চলছে সমানতালে প্রচারণা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও হেলিকপ্টার প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল। নির্বাচনী প্রচারের গতি ও মাঠপর্যায়ের সক্রিয়তা দেখে এ ধারণা আরো জোরালো হচ্ছে।