মাদকের কারণে ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে : আইজিপি

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিকাল ৪টায় সুধী সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিএমপি কমিশনার মো: ইসরাইল হাওলাদার।

আইজিপি মো: আলী হোসেন ফকির বলেন, মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ ছাড়া তরুণদের একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে, ফলে তাদের লেখাপড়ায় মনোযোগ কমে যাচ্ছে।

তিনি বলেন, যারা শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করছে তাদের চিহ্নিত করা গেলে শিল্পখাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সাথে সমন্বয় করতে হবে।

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো রাজনৈতিক নেতাকর্মী মাদক বা চাঁদাবাজিতে জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না।

সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সমাজের সব শ্রেণী-পেশার মানুষ একসাথে কাজ করলে অপরাধ দমন সহজ হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো: হাসান উদ্দিন সরকার, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দিন এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ হোসেন ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর মহানগর জামায়াত আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর হেফাজতে ইসলামীর যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি নাসিরুদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, ব্যবসায়ী আব্দুল মতিন সিরাজী, স্পারো অ্যাপারেলসের মালিক শোভন ইসলাম, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।