বিভিন্ন স্থানে প্রাণ গেল ৭ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাতজন নিহত হয়েছেন।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি (নছিমন) উল্টে মাছ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রামের লালু প্রামাণিকের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও ভটভটিচালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৫)। গতকাল সোমবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার অদূরে বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, দুপচাঁচিয়া সদরে মাছ বিক্রি করে একটি ভটভটিতে বাড়ি ফিরছিলেন রফিকুল। আদমদীঘি উপজেলার অদূরে বোয়ালিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ভটভটি উল্টে চালক ও রফিকুল আহত হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসার পর রফিকুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চালক চঞ্চল হোসেনকে মূমূর্ষু অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

বাসস জানায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বাসচাপায় রবিউল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে। তিনি নড়াইল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ সদস্য রবিউল রাতে নড়াইল সদর থানায় ডিউটি শেষে সকালে মোটরসাইকেলে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন।

মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা কমিটির কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: শরিফুল ইসলাম (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হন। সোমবার দুপুরে উপজেলার হানুয়ার নিজ গ্রামের হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুর সরকারি কলেজের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন শরিফুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডা: শরিফুল ইসলাম উপজেলার হানুয়ার গ্রামের মৃত মাওলানা আবদুস সালামের ছেলে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর একটি ভ্যানগাড়িচালক। রোববার রাতে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ব্রিজের ওপর এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোরের নাম বাবু (১৯) ও রাকিব (১৭)। বাবু উপজেলার দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও রাকিব তারাটিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। আহত ভ্যানগাড়িচালকের (৩৫) বাড়ি পাশের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামে।

স্থানীয় ও স্বজনরা গুরুতর আহতাবস্থায় অপর মোটরসাইকেল আরোহী রাকিবকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে মারা যায় সে। ভ্যানগাড়িচালককে হোসেনপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বাস উল্টে সুমন মিয়া নামে এক শ্রমিক নিহত ও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার নারাঙ্গী হাইজাক মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার কোনাবাহাইল থেকে আসা নিঝুরী গ্রিন টেক্সটাইল কারখানার একটি শ্রমিকবাহী বাস ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার নারাঙ্গী হাইজাক মোড় এলাকায় চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে কারখানার ইউনিট ৩ এর কোয়ালিটি সেকশনের শ্রমিক সুমন মিয়াসহ (২৫) অন্তত ২১ শ্রমিক আহত হন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিহত সুমন মিয়া ভালুকা উপজেলার উথুরা গ্রামের শওকত আলীর ছেলে।

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আবদুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মো: সিয়াম (১৯) গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিংড়ি বাড়ৈবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান ও তার ছোট ভাই সিয়াম মোটরসাইকেলে রাজাপুর থেকে ছত্রকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেকে রাজাপুরগামী একটি টমটমের সাথে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টমটমচালক একটি বাস ওভারটেক করার সময় রং সাইডে চলে এলে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুর রহমান মাথা ও ডান পায়ে গুরুতর আহত হন এবং তার ভাই সিয়াম ডান পায়ে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে আবদুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৩টার দিকে আবদুর রহমান মারা যান।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।